News

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে গঙ্গা নদীর তীরের কাছে একটি মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় নিহত দুজনের একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন প্রশিক্ষক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, দুই ইঞ্জিনবিশিষ্ট চার আসনের প্রশিক্ষণ বিমানটি কানপুরের গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে সকাল সাড়ে ১১টার দিকে উড্ডয়ন করে। প্রায় ২০ মিনিট পর প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

নিহত দুই পাইলটের একজন গুজরাটের শচীন ভাটিয়া এবং অন্যজন কর্ণাটকের অভিষেক পূজারি। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে একজন প্রশিক্ষণার্থী পাইলট এবং অন্যজন প্রশিক্ষক ছিলেন।

কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল বলেন, ‘প্রশিক্ষকের বিষয়ে আমরা তথ্য পেয়েছি। তার প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল। ডিজিসিএকে জানানো হয়েছে। তাদের দল বিস্তারিত তদন্ত করবে। পুলিশ পুরো এলাকা নিরাপদ করেছে।’

দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাদানকারী সংস্থা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, ঘাস ও গাছপালায় ঘেরা এলাকায় বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে আছে। বিমানের ধাতব অংশগুলো দুমড়েমুচড়ে গেছে। ডানা ও সাদা রঙের অন্যান্য প্যানেলও ভেঙে টুকরো হয়ে পড়ে থাকতে দেখা যায়।

বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারানোর পর বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

কর্মকর্তারা আরও জানান, প্রশিক্ষণ বিমানটি ২০২৩ সালে প্রশিক্ষণ কেন্দ্রে আনা হয়েছিল।

এ দুর্ঘটনায় দুই পাইলট নিহত হওয়ায় শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে প্রয়াতদের আত্মার শান্তি কামনা এবং এই অপূরণীয় ক্ষতি সামলে ওঠার জন্য তাদের পরিবারের সদস্যদের শক্তি কামনা করেন।

ডিজিসিএ যা বলেছে

ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘নিয়ন্ত্রক তদারকি ও সমন্বয়ে’র জন্য তাদের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিমানটি কানপুর সিভিল বিমানবন্দরের স্থানীয় উড্ডয়ন এলাকার মধ্যে প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করছিল। বিমানে দুজন ছিলেন— একজন প্রশিক্ষণার্থী পাইলট এবং একজন প্রশিক্ষক। দুর্ঘটনায় দুজনই প্রাণঘাতী আঘাত পেয়েছেন।

ডিজিসিএ আরও জানায়, দুর্ঘটনার বিষয়ে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোকে (এএআইবি) জানানো হয়েছে। প্রযোজ্য নিয়ম অনুযায়ী সংস্থাটি দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করবে। তদন্তের মাধ্যমেই দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ নির্ধারণ করা হবে।

source: Rajneete

Back to top button