News

প্রবাসীর স্ত্রীর ওপর হামলার জেরে কৃষকদল নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ওমানপ্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে পাশের হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, এদিন সকালে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহ আলমকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

শাহ আলম উপজেলার দুহুলী এলাকার রমজান আলীর ছেলে। তিনি চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন।

আরো পড়ুন
গ্রেপ্তার শাহ আলম। ছবি : এশিয়া পোস্ট
গ্রেপ্তার শাহ আলম। ছবি : এশিয়া পোস্ট

লালমনিরহাট জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. এনামুল হক বলেন, দলীয় নীতি-আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শাহ আলমকে বহিষ্কার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে শাহ আলম ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে মান্নানের বাড়িতে গিয়ে ভাঙচুর চালান। এ সময় বাধা দিতে গেলে মান্নানের স্ত্রী রোজিনা বেগমকে লাঠি দিয়ে মারধর করা হয়।

এতে রোজিনা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তিনি বাদী হয়ে শাহ আলমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অভিযোগ করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে শাহ আলমকে হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

source: Asia Post

Back to top button