News

কারিগরি ত্রুটিতে রোমে আটকা বিমানে ফ্লাইট, ২০ ঘণ্টা পর উড়তে পারে

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি৩০৬ ফ্লাইট। উড়োজাহাজটির ত্রুটি মেরামতে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানো হচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে শনিবার রাতে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করতে পারে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমান জানিয়েছে, বিজি৩০৬ ফ্লাইটে ব্যবহৃত উড়োজাহাজ এস২-এজেওয়াই বর্তমানে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ (এওজি) অবস্থায় রয়েছে। এ কারণে নির্ধারিত সময়ে রোম থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যেতে পারেনি।

কারিগরি ত্রুটি দ্রুত মেরামতের জন্য প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ বিজি৩০৫ ফ্লাইটে করে রোমে পাঠানো হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে ইউটিসি সময়ে, অর্থাৎ রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওই দল রোমে পৌঁছানোর কথা।

প্রকৌশলীরা পৌঁছানোর পর উড়োজাহাজটির ত্রুটি মেরামতের কাজ শুরু করবেন। মেরামত নির্ধারিত সময়ে শেষ হলে শনিবার রাত ১০টা (ইউটিসি সময় রাত ৮টা) নাগাদ বিজি৩০৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের সম্ভাবনা রয়েছে।

ফ্লাইটটি ওই সময় উড্ডয়ন করতে পারলে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি রোমে আটকে যাওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে উড়োজাহাজটির মেরামত শেষ হওয়ার ওপরই নতুন সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা চূড়ান্তভাবে নির্ভর করছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ফ্লাইটটির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যাত্রীদের নিয়মিত অবহিত করা হবে।

source: Asia Post

Back to top button