News

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের সুপারিশের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশে বাধা নেই

বিসিএস নন-ক্যাডার পদে সুপারিশের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কোনো আইনি বাধা নেই এবং এটি বিধিমালার একটি বাধ্যবাধকতা বলে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২ আগস্ট) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।

এর আগে, ৪৩তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় পিএসসির গৃহীত কিছু পদক্ষেপের বৈধতাকে কয়েকশত নন-ক্যাডার প্রার্থী চ্যালেঞ্জ করে, যারা লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তারা রিট করেন। পরে শুনানি শেষে, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমান গত ২৫ জুন রায় দেন।

শুনানিতে পিএসসির যুক্তি ছিল, পরবর্তী বিসিএসের ফলাফল প্রকাশের পর আগের বিসিএস থেকে সুপারিশের সুযোগ নেই।

তবে, রায়ে আদালত জানান, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী সুপারিশ প্রক্রিয়া চালিয়ে যেতে কোনো বাধা নেই। এছাড়া, আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মেধা তালিকা প্রকাশের পর সরকারি দফতরের শূন্য পদের চাহিদা এবং প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে দ্রুত সুপারিশ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

source: Asia Post

Back to top button