চবিতে বহিরাগতদের তিন মোটরসাইকেল জব্দ, মুচলেকা দিয়ে মুক্তি

হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিরাগতদের তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে চালকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
শনিবার (১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে থেকে বাইকগুলো জব্দ করে নিরাপত্তা দপ্তরে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে সাতজন আরোহী ক্যাম্পাসে প্রবেশ করেন। শাহ আমানত হলের সামনে হেলমেট ছাড়া বাইক চালিয়ে যাওয়ার সময় চবি প্রক্টর সন্দেহবশত তাদের থামান। এ সময় ড্রাইভিং লাইসেন্স ও বাইকের কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। পরে বাইকগুলো জব্দ করে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে আর কখনো হেলমেট ছাড়া ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত বাইক চালাবেন না মর্মে মুচলেকা দিয়ে সাত আরোহীকে মোটরসাইকেলসহ ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, নিয়মিত রুটিন টহলের অংশ হিসেবে এদিকে এসে দেখি তিনটি বাইকে সাতজন আরোহী। তারা কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তাদের গতিবিধি আমার কাছে সন্দেহজনক মনে হয়। আমি তাদের বলেছি, সঠিক কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে এলে বাইকগুলো ছেড়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ইদানীং দেখা যাচ্ছে বহিরাগতরা বাইকে করে ক্যাম্পাসে এসে ঘোরাঘুরি করে। এরপর হঠাৎ ৫-৬ জন দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে ও প্ল্যাকার্ড হাতে ছবি তুলে ফেসবুকে আপলোড করে সংবেদনশীল পরিবেশ তৈরির চেষ্টা করে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই আমরা সতর্ক অবস্থান নিয়েছি।
source: Asia Post







