News

সৌদি আরবে ফের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে জরুরি সতর্কবার্তা

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতিরা। ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করেছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোট। হামলার পর রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এপি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি। এর আগে মধ্যরাতে দুটি ড্রোনও নিক্ষেপ করা হয়েছিল।

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, স্থানীয় সময় ভোর ৪টার কিছু পর রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সৌদির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ড্রোনও প্রতিহত করা হয়েছে বলে জানান তিনি।

রিয়াদের বাসিন্দাদের পাঠানো সতর্কবার্তায় বলা হয়, শান্ত থাকতে হবে এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। ভবনের ভেতরে জানালা থেকে দূরের কোনো কক্ষে আশ্রয় নেওয়া, বাড়ি বা ভবন থেকে বের না হওয়া এবং খোলা জায়গা, কাচ, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়।

বাইরে থাকা ব্যক্তিদের নিকটবর্তী ভবন বা শক্ত কোনো আড়ালের পেছনে আশ্রয় নিতে বলা হয়েছে। গাড়িতে থাকা ব্যক্তিদের সেতু ও উঁচু ভবন থেকে দূরে গাড়ি থামিয়ে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়।

হামলার পর রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষ এর আগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের ছবি বা ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্যও নাগরিকদের সতর্ক করেছে।

এটি চলতি মাসে রিয়াদকে লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা। এর আগে ২০ অক্টোবরও দেশটির রাজধানী লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের কথা জানিয়েছিল সৌদি জোট। এর আগে ১৪ অক্টোবরও রিয়াদমুখী একটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করা হয়।

সৌদি আরবের অন্যান্য এলাকাতেও সাম্প্রতিক সময়ে হামলা বেড়েছে। দক্ষিণাঞ্চলীয় নাজরান লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন এলাকায় একাধিক ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি জোট।

হুতিদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সৌদি বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোও রয়েছে। ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার পর সেখানে বিমান চলাচল ব্যাহত হয়েছিল।

রিয়াদকে ঘিরে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইয়েমেনের সংঘাতকে সৌদি আরবের ভূখণ্ডে আরও সরাসরি টেনে আনছে। একই সঙ্গে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।

source: Rajneete

Back to top button