News

টর্চলাইট জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারও আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর একটি জমিতে গরুর ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের শাহীর গোষ্ঠীর জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে সন্ধ্যায় বিরোধ মীমাংসার জন্য স্থানীয় সর্দাররা বসেন। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সংঘর্ষের পরও দুই পক্ষ সড়কের দুই প্রান্তে অবস্থান করছিল।

সরাইল-আশুগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুই পক্ষকে শান্ত করার চেষ্টা চলছে।

আরো পড়ুন

source: Asia Post

Back to top button