News

আমার সৌভাগ্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘আমার সৌভাগ্য হয়েছে যে, সার্বক্ষণিক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা করায় পরিশ্রম করতে পারছি।’

শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

মো. আলী হোসেন ফকির বলেন, ‘সারা দেশব্যাপী ৩৩ হাজারের ওপরে পূজামণ্ডপে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ৩ লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সকাল-সন্ধ্যা, আমার মনে হয়, ২ ঘণ্টাও ঘুমাতে পারেন না। এ বয়সে এসেও দেশ এবং জাতির জন্য শ্রম, সময় দিয়ে যাচ্ছেন। সংসদেও উনি, রাজপথেও উনি।’

তিনি বলেন, ‘সব ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের উজ্জীবিত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উনাকে দেখে আমরা উৎসাহিত হই। কিন্তু এখনো দেখছি, আমরা সার্বিকভাবে দায়িত্ব পালন করার পরও একটি গ্রুপ থেকে বলা হচ্ছে, আমরা নাকি নিয়ন্ত্রিত পূজা এবং কার্যক্রম পরিচালনা করছি। এটা খুবই দুঃখজনক। কারণ ঘোলা পানিতে মাছ শিকার করে যারা আইনশৃঙ্খলা অবনতি করে সুযোগ নিতে চায়, তারা সবসময় এগুলো করবে।’

আইজিপি আরও বলেন, ‘আমরা চাই শান্তি, শান্তি, শান্তি। সেই শান্তি আমাদের দেশে প্রতিষ্ঠিত সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এ শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন করব।’

source: Asia Post

Back to top button