News

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল গ্যারেজকর্মীর

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মোহাম্মদ ফালু মিয়া (৪২) নামে এক গ্যারেজকর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে কাজলার মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফালু মিয়া কুমিল্লা সদর এলাকার আব্দুল মতিনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন। পরিবার নিয়ে বর্তমানে পূর্ব কদমতলীর জুরাইন এলাকায় বসবাস করছিলেন।

নিহতের ভাই রতন জানান, ফালু মিয়া গ্যারেজে কাজ করতেন। কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সজিব উর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মোল্লা কলেজের সামনে গুরুতর আহত অবস্থায় ফালু মিয়াকে পড়ে থাকতে দেখে। পরে পথচারীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আশপাশের লোকজনের কাছ থেকে পুলিশ জানতে পারে, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি ফালু মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এসআই সজিব উর রহমান আরও জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

source: Asia Post

Back to top button