News

এবার রিয়ালের জালে বার্সেলোনার সাত গোল

ফুটবল যেন হঠাৎ করেই সাত সংখ্যাটার প্রেমে পড়েছে। এক রাত আগে আর্জেন্টিনা ও ইংল্যান্ড দুটো দলই প্রতিপক্ষের জালে সাত গোল দিয়েছিল। ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও দেখা গেল সেই স্কোরবোর্ড। স্পেনে নারী এল ক্লাসিকোতে এবার রিয়াল মাদ্রিদকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা।

আর এই সাত গোলের রাতটা নিজের করে নিলেন ক্লদিয়া পিনা। প্রথমার্ধেই চার গোল করে এল ক্লাসিকোর গল্প কার্যত শেষ করে দেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে লিগা এফের মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শুরু থেকেই রিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ে বার্সেলোনা। চতুর্থ মিনিটেই গোলের শুরু করেন পিনা।

২৮ মিনিটে দ্বিতীয়, ৩২ মিনিটে তৃতীয়। আধঘণ্টার একটু বেশি সময়েই হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় তাঁর। এক মিনিট পর ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন গোল করলে স্কোর দাঁড়ায় ৪-০।

রিয়ালের জন্য তখনও বিরতি আসেনি। ৪৪ মিনিটে আবারও জাল খুঁজে নিজের চতুর্থ গোল করেন পিনা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বার্সেলোনা এগিয়ে ৫-০।

এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে চার গোল করা প্রথম বার্সেলোনা নারী ফুটবলারও হয়েছেন পিনা।

দ্বিতীয়ার্ধে গতি কিছুটা কমলেও গোল থামেনি। ৫৫ মিনিটে এভা পায়োর ব্যবধান ৬-০ করেন। এরপর ৮৮ মিনিটে সিডনি শেরটেনলেইবের গোলে পূর্ণ হয় সাত।

রিয়ালের জন্য ম্যাচটা ছিল শুরু থেকে শেষ পর্যন্তই কঠিন। প্রথমার্ধে শ্রোডারের একটি শট ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলকিপার কাতা কোল। আথেনেয়াও একটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেটিও কাজে লাগেনি।

মাঠের খেলায় একপেশে ফল হলেও গ্যালারিতে ছিল উৎসবের আবহ। ম্যাচটি দেখতে ক্যাম্প ন্যুতে হাজির ছিলেন ৪০ হাজার ৫৩৩ দর্শক, যা লিগা এফের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড।

source: Asia Post

Back to top button