News

৭ শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না: গালিবাফ

যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুনে হওয়া সমঝোতায় নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। রোববার বার্তাসংস্থা নুরনিউজের এক প্রতিবেদনে তার এই বক্তব্য তুলে ধরা হয়েছে।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে এক ধরনের বক্তব্য দিলেও সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে নতুন প্রস্তাব দিয়েছে। তবে প্রক্রিয়া দীর্ঘায়িত করা এবং একতরফা দাবি জানানোর সময় শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তির সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট ও দৃঢ়।

এর আগে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বিদেশি দূতদের সঙ্গে কথা বলার সময় জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ নিরসনে তেহরান নতুন একটি প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র সেটি মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

আরাঘচি বলেন, হরমুজ প্রণালি খুলতে ইরানের শর্তগুলো স্পষ্টভাবে জানানো হয়েছে এবং সেগুলো যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ওয়াশিংটন কূটনৈতিক পথ বেছে নেবে।

তবে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপের দিকে গেলে ইরানও প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেন আরাঘচি। তিনি বলেন, সামরিক সমাধানের দিকে যুক্তরাষ্ট্র এগোলে আগের চেয়ে আরও বেশি প্রস্তুত থাকবে ইরান এবং নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

source: Rajneete

আরো দেখুন
Close
Back to top button