আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলার একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশেও জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। এ পথে প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন করতে প্রায় ১ হাজার ২৫০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা করবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।
এরপর বেলা ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা দেড়টায় কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বেলা ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
দিনের পরবর্তী কর্মসূচিতে বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়বেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
source: Asia Post






