News

ওটিপি ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা

বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের জন্য একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি) যাচাই বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যথাযথ ওটিপি ছাড়া কোনো দর্শনার্থীকে সচিবালয়ে প্রবেশের অনুমতি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. তোফায়েল হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়াই দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের প্রবণতা বাড়ছে। অনুমোদন ছাড়া এ ধরনের প্রবেশ সচিবালয়ের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি এর ফলে সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে সচিবালয়ে আগত প্রত্যেক দর্শনার্থীর প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই সম্পন্ন হওয়ার পরই দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিরাপত্তা জোরদার এবং অনুমোদনহীন প্রবেশ নিয়ন্ত্রণের অংশ হিসেবেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

source: Asia Post

Back to top button