News

চট্টগ্রাম-কক্সবাজার থেকে স্বেচ্ছাসেবক লীগের বগুড়ার চার নেতা গ্রেপ্তার

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিনসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম ও কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলার সভাপতি ও খরনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান সাহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে পরিচিত ফেরদৌস হোসেন।

পুলিশ জানায়, সাজেদুর রহমান সাহিনের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। সাব্বির হোসেন নির্জনের বিরুদ্ধে রয়েছে ১০টির বেশি মামলা। ফেরদৌস হোসেনের বিরুদ্ধে দুইটির বেশি মামলা রয়েছে।

বগুড়া জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, গ্রেপ্তার চারজন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম ও কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালানো হয়। পরে সোমবার রাত আনুমানিক ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

source: Asia Post

Back to top button