News

খাতা মূল্যায়নে দুর্বলতা থাকলেই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

উত্তরপত্র (খাতা) মূল্যায়নে যাদের দুর্বলতা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এর আগে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপিত হতে যাওয়া উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের ফলাফলের পুনঃনিরীক্ষণের পর অনেক শিক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে। এর মাধ্যমে পরীক্ষকদের মূল্যায়নে দুর্বলতা থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। ঠিক কী কী দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করে জড়িত পরীক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা খাতা দেখেছেন—এসব শিক্ষকের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। তাদের প্রশিক্ষণ প্রদানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

source: Asia Post

Back to top button