News

নেপাল ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক করলো দূতাবাস

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সতর্কতা জারি করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

পোস্টে বলা হয়, নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় সব বাংলাদেশি পর্যটক ও ট্রেকারকে সতর্ক থাকতে হবে। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং তুষারপাতের ফলে অনেক এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।

দূতাবাস আরও বলেছে, কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাংয়ের বিভিন্ন এলাকায় ট্রেকিং স্থগিত করেছে। এর মধ্যে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং উল্লেখযোগ্য।

এ ছাড়া ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং নিকটবর্তী ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকা ভ্রমণেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। মুস্তাং, জমসম ও অন্যান্য পার্বত্য এলাকায় ভ্রমণের আগে গান্দাকি প্রদেশের বিভিন্ন সড়কের যোগাযোগ পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট তথ্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এসব সড়কের যোগাযোগব্যবস্থা তাৎক্ষণিকভাবে ব্যাহত হতে পারে।

এ কারণে বাংলাদেশি নাগরিকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ বিভিন্ন পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ ও ভ্রমণের পরিকল্পনা করার আগে সব তথ্য যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা ঘনিষ্ঠভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব বাংলাদেশি নাগরিক ইতোমধ্যে দুর্ঘটনাপ্রবণ এলাকায় ভ্রমণ করছেন, তাদের নিরাপদ স্থানে অবস্থান করা, নদীর তীর ও ভূমিধসের আশঙ্কাযুক্ত এলাকা এড়িয়ে চলা এবং ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই করার পরামর্শ দিয়েছে দূতাবাস। পাশাপাশি ট্রাভেল অপারেটর ও দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতেও বলা হয়েছে।

দূতাবাস নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।

source: Asia Post

Back to top button