নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ সংশোধন এনে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে স্বতন্ত্র ও বরাদ্দযোগ্য প্রার্থীদের জন্য ১২০টি প্রতীকের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকায় ‘না’ প্রতীক যুক্ত করা হলেও ‘নৌকা’ প্রতীক স্থগিত রাখা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি অতিরিক্ত গেজেটে এ সংশোধনীর কথা জানানো হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে বিধিমালায় এ সংশোধন আনা হয়েছে।
সংশোধিত বিধান অনুযায়ী, নির্বাচন পরিচালনা বিধিমালার ৯ বিধির উপবিধি (১) প্রতিস্থাপন করা হয়েছে। এর আওতায় নির্বাচনে ব্যবহারযোগ্য প্রতীকের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে প্রার্থীর নির্বাচনি ব্যয় ও হলফনামা সংক্রান্ত কয়েকটি শর্তেও পরিবর্তন আনা হয়েছে।
- নির্বাচনি ব্যয় পরিচালনার জন্য প্রার্থীর নিজস্ব ব্যাংক হিসাবের পাশাপাশি প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাবের নম্বর দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
- হলফনামায় ‘অভিযুক্ত’ বলতে এমন আসামিকে বোঝানো হয়েছে, যার বিরুদ্ধে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে।
- প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক না রেখে ঐচ্ছিক করা হয়েছে।
ইসি সূত্রে বলা হয়েছে, নির্বাচন পরিচালনার প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত ও স্বচ্ছ করতে এসব সংশোধন আনা হয়েছে।
source: Asia Post







