News

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, চলতি মাসে প্রাণ গেল ৫২ জনের

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেপ্টেম্বরে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এসব মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটেছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯। এর মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা গেছেন। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫২ জনের।

গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরে সবচেয়ে বেশি ৩০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৭৬ এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৪৪ জন ভর্তি হয়েছেন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, ২৭৫ জন। বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৯৩ এবং রংপুরে ৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেটে নতুন রোগী ভর্তি হয়েছেন ছয়জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১ হাজার ৮৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৪৮ হাজার ৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৫৯৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

source: Asia Post

Back to top button