রাজধানীতে এক দিনে ৫ মরদেহ উদ্ধার

রাজধানীতে এক দিনে ৫ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে আদাবরে একটি ব্যাগের ভেতর থেকে অজ্ঞাতনামা নারীর মস্তক, দুই হাত ও শরীরের অংশ পাওয়া গেলেও দুই পা এখনো উদ্ধার হয়নি। এ ছাড়া লালবাগে নিজ বাসা থেকে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ এবং শাহবাগ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) পৃথক সময়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।
আদাবরে ব্যাগে নারীর খণ্ডিত মরদেহ
শনিবার বিকেল ৫টার দিকে আদাবরের ১০ নম্বর বালুর মাঠের হাক্কারপাড় এলাকার খাল থেকে একটি ব্যাগের ভেতর নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, খালপাড়ে একটি কালো রঙের ব্যাগ দীর্ঘ সময় ধরে একই স্থানে পড়ে ছিল। পরে স্থানীয়রা কৌতূহলবশত ব্যাগটি ধরে টান দিলে প্রথমে একটি হাত বেরিয়ে আসে। এরপর ব্যাগের ভেতর থেকে একটি মাথা গড়িয়ে বের হয়ে আসে। মাথাটি একজন তরুণীর বলে ধারণা করা হচ্ছে। পরে খালে তল্লাশি চালিয়ে মরদেহের শরীরের মূল অংশ উদ্ধার করা হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই তরুণীর দুই পা উদ্ধার করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ‘একটি ব্যাগের ভেতর থেকে মস্তক, দুই হাত ও শরীরের অংশ পাওয়া গেছে। তবে খণ্ডিত দুই পা এখনো পাওয়া যায়নি। সেগুলোর সন্ধানে পুলিশ কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর মরদেহটি টুকরো করে ব্যাগে ভরে খালপাড়ে ফেলে রেখে গেছে। মরদেহের পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’
লালবাগে বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
শনিবার সকালে রাজধানীর লালবাগের একটি ভাড়া বাসা থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
জানা গেছে, নিহত আনোয়ার জজ কোর্টের একজন আইনজীবী ছিলেন। তবে ২০১২ সালের পর থেকে তিনি বার কাউন্সিলে অনিয়মিত ছিলেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। পরিবারের অন্য সদস্যরা কামরাঙ্গীরচর এলাকায় থাকেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন জানান, মৃত আনোয়ার বিয়ে করেছিলেন। সম্ভবত ডিভোর্স হয়ে গেছে। ওই বাসায় তিনি একাই থাকতেন। শনিবার পাশের কক্ষের এক ভাড়াটিয়া তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
মরদেহ উদ্ধারের পর পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার বোন ও বোনজামাই ঘটনাস্থলে যান। সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
ওসি জামিল আরও জানান, ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
শাহবাগে থেকে দুই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার
শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ থানাধীন পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা ২ পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের দুজনই ভবঘুরে প্রকৃতির বলে ধারণা করছে পুলিশ।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান বলেন, ‘জাতীয় ঈদগাহ মাঠসংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে ওই দুটি মরদেহ উদ্ধার করা হয়। তাদের আনুমানিক বয়স ৬৫ ও ৪৫ বছর। উভয়ের পরনে ছিল ময়লাযুক্ত ছেঁড়া পোশাক।’
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মৃত দুজনই ভবঘুরে প্রকৃতির। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
ঢামেকে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
একই দিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অপেক্ষাগারের পাশে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে (৭০) অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা যায়, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
source: Asia Post







