ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু

নাটোরে খেজুরের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে আহত বৃদ্ধা রহিমা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রহিমা বেগম নাটোর পৌর শহরের চৌধুরী বড়গাছা মহল্লার মৃত মহিম উদ্দিনের মেয়ে।
নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, বৃদ্ধা রহিমা বেগম বয়সের কারণে চোখে অনেকটা কম দেখতে পান। তারপরও দুপুর ২টার দিকে তিনি বাড়ির পাশে খেজুরের ডাল কাটতে যান। ডাল কাটার সময় একটি ডালে থাকা ভীমরুলের চাকটি দেখতে পাননি। না দেখে সেই ডালটি কাটতে গেলে ভিমরুলের চাক থেকে বিপুল ভিমরুল বের হয়ে তাকে ঘিরে ধরে সারা শরীরে দংশন করে।
এসময় তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে গিয়ে সেই দৃশ্যটি দেখতে পায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় অনেক চেষ্টার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বৃদ্ধা রহিমা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
source: Asia Post







