সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক দিনেই হাসপাতালে ভর্তি ২৩ রোগী

সাতক্ষীরায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ছয়জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে সাতক্ষীরায় মোট ২৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। প্রতিদিনই নতুন রোগী জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জেলার হাসপাতালগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
চিকিৎসকরা জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে রোগী ভর্তি হচ্ছেন।
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়িঘর ও আশপাশের এলাকায় কোনো ধরনের পানি জমতে দেওয়া যাবে না। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
source: Asia Post







