News

মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন

জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের পর তাকে বিশেষভাবে সম্মান জানাতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী সপ্তাহান্তে দেশটির সব পর্যায়ের ম্যাচ প্রথমার্ধের দশম মিনিটে এক মিনিটের জন্য বন্ধ রেখে করতালি জানানো হবে আর্জেন্টাইন কিংবদন্তিকে।

বুধবার প্রকাশিত এক আনুষ্ঠানিক নির্দেশনায় এই কর্মসূচির কথা জানিয়েছে এএফএ। পুরুষ ও নারী ফুটবলের পাশাপাশি ফুটসাল ও বিচ সকারের সব বিভাগের ম্যাচেই এটি পালন করা হবে।

কোপা আর্জেন্টিনায় ভেলেজ সার্সফিল্ড ও বোকা জুনিয়র্সের ম্যাচেও একইভাবে মেসিকে সম্মান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব স্টেডিয়ামে বড় পর্দা রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে এএফএর তৈরি বিশেষ ভিডিও দেখানো হবে।

মাঠে খেলোয়াড় ও কর্মকর্তাদের পাশাপাশি গ্যালারির দর্শকদেরও করতালিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। পতাকা, গান ও স্লোগানের মাধ্যমে সমর্থকেরা মেসির প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করবেন বলে ধারণা করা হচ্ছে।

শ্রদ্ধা জানানোর জন্য ম্যাচের দশম মিনিট বেছে নেওয়ার কারণ মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি। আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারের অধিকাংশ সময় এই নম্বরের জার্সিতেই খেলেছেন তিনি।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন চিঠি প্রকাশ করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী মেসি। আর্জেন্টিনার হয়ে ২১ বছরের পথচলায় রেকর্ড ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি।

নিজের দেশে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ আয়োজন করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে মাঠের সেই বিদায়ের আগেই আর্জেন্টিনার সর্বস্তরের ফুটবল একযোগে সম্মান জানাতে যাচ্ছে তাদের প্রিয় ১০ নম্বরকে।

source: Asia Post

Back to top button