ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল, সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণে

দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হওয়ায় এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩২৪ জন ভর্তি হয়েছেন। এ সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৭ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১০২ জন।
সবচেয়ে বেশি ৩৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া খুলনা বিভাগে ১৮, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩, ময়মনসিংহ বিভাগে ১০, বরিশালে ৯, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ৪, ঢাকার দুই সিটির বাইরে অন্যান্য এলাকায় ৩ এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯৮ জন।
এ ছাড়া গত এক দিনে বরিশাল বিভাগে ১২১ জন, চট্টগ্রামে ১৩৯, খুলনায় ২৪৬, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১১৪, রংপুরে ৩৪ এবং সিলেটে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আগস্টে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু
মাসভিত্তিক হিসাবে চলতি বছর আগস্টে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। এ মাসে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একই মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। একই বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
গত বছরও ডেঙ্গুর প্রকোপ ছিল উল্লেখযোগ্য। ওই বছর চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং প্রায় ১ লাখ ২ হাজার রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে শনাক্ত হন।
source: Asia Post







