ভাষাজ্ঞান সকল সম্ভাবনার দরজা খুলে দেয়: দারুন্নাজাত একাডেমি

বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো দারুন্নাজাত একাডেমির ৩য় আরবি-ইংরেজি স্পেলিং বি ও ভোকাবুলারি কম্পিটিশন ২০২৬ (3rd Arabic-English Spelling Bee & Vocabulary Competition-2026)। প্রতিটি পর্বে শব্দের সঠিক বানান, উচ্চারণ ও ভোকাবুলারি দক্ষতার দারুণ পরীক্ষা নেওয়া হয়।
শনিবার (২৯ আগস্ট) সকালে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুন্নাজাত একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শব্দ শুধু শেখার বিষয় নয়—শব্দই গড়ে তোলে ভাষা, আর ভাষাই খুলে দেয় সম্ভাবনার দরজা। ইংরেজি ও আরবি ভাষার শব্দভাণ্ডার, বানানদক্ষতা, মেধা ও আত্মবিশ্বাসকে উদযাপন করতে এ ধরনের আয়োজন বারবার হওয়া প্রয়োজন। এ আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃষ্টিশীলতা ও ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে। দারুন্নাজাত একাডেমি নিঃসন্দেহে এ উদ্যোগের জন্য প্রশংসার দাবিদার।
দারুন্নাজাত একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক বলেন, দারুন্নাজাত একাডেমি একটি ইংরেজি ও আরবি ভার্সনের মাদরাসা। শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আজকের এ প্রতিযোগিতা। আমাদের দৃঢ় বিশ্বাস, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের উভয় ভাষার দক্ষতা আরও বৃদ্ধি করবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত। তারা জানায়, দারুন্নাজাত একাডেমি নিয়মিতই আমাদের নিয়ে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এর মাধ্যমে নতুন কিছু জানা ও শেখার আগ্রহ বাড়ছে।
অভিভাবকরা জানান, দারুন্নাজাত একাডেমি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে নানামুখী প্রয়াস চালিয়ে যাচ্ছে। নিয়মিত শ্রেণিকক্ষভিত্তিক কার্যক্রমের পাশাপাশি বিতর্ক, মাসনুন দোয়া, কিরাত, ইসলামি সংগীত, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও ইসলামিক কালচারাল প্রোগ্রামসহ বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনা করছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করেই গড়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।
এবারের আয়োজনে ছিল ‘স্পেল ইট’, ‘স্পেল হাইভ’, ‘স্পেল রিং’, ‘ডিকটেইশন’ ও ‘স্পেল উইজারড্রি’-র মতো আকর্ষণীয় পর্বসমূহ। শ্রেণিভিত্তিক এ প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
source: Asia Post







