News

ইয়াবা সেবনের ভিডিও ছড়াতেই ছাত্রদল নেতা বহিষ্কার

নড়াইলের লোহাগড়ায় ইয়াবা সেবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জিএম মাশরাফি নামে এক ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. মামুন গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত জিএম মাশরাফি লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। তিনি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা।

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, সোমবার জিএম মাশরাফির ইয়াবা সেবনের একটি ভিডিও ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পরে ভিডিও ও ছবিগুলো ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এরপর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জিএম মাশরাফিকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। তিনি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা।

নড়াইল জেলা ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক জিএম মাশরাফিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহামুদুল হাসান সানি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল ও সদস্যসচিব মো. মামুন গাজীর সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে জিএম মাশরাফির বক্তব্য জানতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

source: Asia Post

Back to top button