এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
কর্মসূচি অনুষ্ঠিত হবে বাংলাদেশ নন-এমপিও (বেতনবিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে। রোববার (২৩ আগস্ট) সগঠনের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে কর্মসূচি পালনের অনুমতি দেয় পুলিশ।
ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা এক চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করতে হবে। কর্মসূচি পালনে মোট ২১টি শর্ত দেওয়া হয়েছে।
শর্তগুলোর মধ্য রয়েছে, অনুমোদিত স্থানের বাইরে কোথাও কর্মসূচি পালন করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে। এ ছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য প্রচার করা যাবে না। উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।
কর্মসূচিতে মাদকদ্রব্য ব্যবহার করা যাবে না উল্লেখ করে শর্তে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কর্মকাণ্ড করা যাবে না এবং পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। মানববন্ধন চলাকালে সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখতে হবে।
কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে বলে এতে জানানো হয়।
source: Asia Post







