News

নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

নতুন করে শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভার আরও একজন মন্ত্রীর দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেওয়ার পর তিনি নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান।

নতুন চার মন্ত্রী হলেন—আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ। নতুন দুই প্রতিমন্ত্রী হলেন—হুমায়ুন কবির (টেকনোক্রেট) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবদুল মঈন খান

রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। তিনি নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

পর্যটন মন্ত্রণালয়ে রশিদুজ্জামান মিল্লাত

প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

এই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা)কে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমে দীপেন দেওয়ানকে এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আন্দালিভ রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ নতুন মন্ত্রী হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এত দিন এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ে শামীম কায়সার

নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির (টেকনোক্রেট)কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও তাঁর পদে বহাল থাকছেন।

ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান।

সূত্র: প্রথম আলো

source: Asia Post

Back to top button