News

শাহজালাল বিমানবন্দরে সিআইআইডির ত্রিমুখী অভিযান

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ১ কোটি ৭৮ লাখ টাকা।

সোমবার (১৭ আগস্ট) শাহজালাল বিমানবন্দরে তিন অভিযানে মোট ৩৪৯ কার্টন বিদেশি সিগারেট, ৩৮০ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম ও ১ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। এসব পণ্যের শুল্কায়নযোগ্য ও বাজারমূল্য ৯০ লাখ ১৬ হাজার টাকা। এর বিপরীতে প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা। সব মিলিয়ে আটক পণ্যের শুল্ক-করসহ মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা।

সিআইআইডি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দর সার্কেলের এ-শিফট দুবাই থেকে আসা এমিরেটসের ইকে৫৮২ ও ইকে৫৮৬ ফ্লাইটে অভিযান চালায়। এ সময় তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টন সিগারেট, ৯ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম ও ১ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। এতে ৬২১ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর ৪২ লাখ ২২ হাজার ৮০০ টাকা। বিদেশি মদের শুল্কায়নযোগ্য মূল্য ২০ হাজার টাকা এবং ৬১০ দশমিক ৩০ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর ১ লাখ ২২ হাজার ৬০ টাকা। আর নিষিদ্ধ ক্রিমের বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এ অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা।

আরো পড়ুন

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান চালায় সিআইআইডি। এ সময় একটি চালান থেকে ৩১৯ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করা হয়। এসব ক্রিমের আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

অন্যদিকে গত ১১ আগস্ট দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে ১৭৯ কার্টন বিদেশি সিগারেট ও ৫২ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম আটক করে সিআইআইডির এ-শিফট।

এ অভিযানে উদ্ধার করা সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৭ লাখ ১৬ হাজার টাকা। ৬২১ শতাংশ হারে এর প্রযোজ্য শুল্ক-কর ৪৪ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা। এছাড়া নিষিদ্ধ ক্রিমের শুল্কায়নযোগ্য মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে এ অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ মূল্য ৬২ লাখ ২ হাজার ৩৬০ টাকা।

সিআইআইডি জানিয়েছে, বিমানবন্দর দিয়ে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আমদানি প্রতিরোধে গোপন তথ্য সংগ্রহ, ঝুঁকিভিত্তিক নজরদারি এবং যাত্রী ও কার্গো-পার্সেল পর্যায়ে অভিযান অব্যাহত রয়েছে।

source: Asia Post

Back to top button