মেসির বাবার মৃত্যুতে বার্সা-রিয়ালের শোক

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আর্জেন্টাইন মহাতারকার এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনসহ বিশ্বের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রীড়া ও সামাজিক প্রতিষ্ঠান।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাতে আর্জেন্টিনার রোজারিওর একটি চিকিৎসাকেন্দ্রে মারা যান হোর্হে মেসি। তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুর খবরটি মেসির পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বার্সেলোনার সভাপতি ও পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। লিওনেল মেসির ক্যারিয়ারের শুরু ও সেরা সময়গুলোতে ক্লাবের ওপর আস্থা রাখার জন্য হোর্হের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে কাতালান ক্লাবটি।
Our deepest condolences. May Jorge Messi rest in peace. pic.twitter.com/PPSTTjHki1
— FC Barcelona (@FCBarcelona) August 8, 2026
মাত্র ১৩ বছর বয়সে মেসিকে নিয়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন হোর্হে। ছেলের চিকিৎসা ও ফুটবল ক্যারিয়ার এগিয়ে নিতে তাঁর সেই সিদ্ধান্তই পরে বদলে দেয় ফুটবল ইতিহাস। বার্সেলোনায় দুই দশকের বেশি সময় কাটিয়ে ক্লাবটির অন্যতম সেরা কিংবদন্তিতে পরিণত হন মেসি।
শোকবার্তা দিয়েছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। ক্লাবের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ, সভাপতি ও পরিচালনা পর্ষদ হোর্হে মেসির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মেসি, তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে মাদ্রিদের ক্লাবটি।
Comunicado Oficial: fallecimiento de Jorge Messi, padre de Leo Messi.
— Real Madrid C.F. (@realmadrid) August 8, 2026
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও হোর্হেকে স্মরণ করে বিস্তারিত বিবৃতি দিয়েছে। তার সম্মানে দেশটির সব পর্যায়ের ফুটবল ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। খেলোয়াড়, রেফারি ও কোচিং স্টাফরা পরবেন কালো বাহুবন্ধনী। আগামী ১৪ আগস্ট পর্যন্ত এএফএর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকে মেসি ও তার পরিবারের উদ্দেশে দেওয়া বার্তায় বলা হয়েছে, এই কঠিন সময়ে পুরো দেশ অধিনায়কের পাশে রয়েছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনও শোক প্রকাশ করে মেসি ও তার স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। একইভাবে শোকবার্তা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল, ফ্রান্সের লিগ ওয়ান এবং ব্যালন ডি’অর কর্তৃপক্ষ।
ইউনিসেফ আর্জেন্টিনা তাদের বার্তায় হোর্হেকে শিশুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিশীল ব্যক্তি ও সংস্থাটির একজন সহায়তাকারী হিসেবে স্মরণ করেছে। ২০১০ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন মেসি।
এ ছাড়া আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগ, নিউয়েলস ওল্ড বয়েজ ও রোসারিও সেন্ট্রালসহ দেশটির বেশ কয়েকটি ক্লাব হোর্হের মৃত্যুতে শোক জানিয়েছে। মেসির শৈশবের ক্লাব নিউয়েলস তাঁকে ছেলের ক্যারিয়ারের নেপথ্যের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেছে।
হোর্হে দীর্ঘদিন মেসির প্রতিনিধি ও সবচেয়ে আস্থাভাজন পরামর্শক হিসেবে কাজ করেছেন। বার্সেলোনার সঙ্গে চুক্তি থেকে শুরু করে প্যারিস সেন্ট জার্মেই ও ইন্টার মায়ামিতে দলবদল, ছেলের ক্যারিয়ারের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেই তার ভূমিকা ছিল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেসির সাবেক ক্লাব পিএসজি ও বর্তমান ক্লাব ইন্টার মায়ামির আনুষ্ঠানিক শোকবার্তা পাওয়া যায়নি।
source: Asia Post






