বাটজার সভাপতি সাফওয়ান, সাধারণ সম্পাদক ইমন

দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ (বাটজা)-এর ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে দেশ টেলিভিশনের রিপোর্টার আলীমুজ্জামান সাফওয়ান সভাপতি এবং একুশে টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন (দেশ সমাচার), সহ-সভাপতি কাজী ফয়সাল (চ্যানেল ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক দাউদ হাসান (মাছরাঙা টেলিভিশন), অর্থ সম্পাদক তানজিলা খান মীম (এখন টেলিভিশন) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আরেফিন (সময় টেলিভিশন)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পান আরিফুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন) ও রাশেদ আনিস (একাত্তর টেলিভিশন)।
নবগঠিত এই কমিটি আগামী ২০২৬-২৭ মেয়াদে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। এভিয়েশন ও ট্যুরিজম খাতের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রাপ্তি সহজীকরণ, প্রশিক্ষণ, গবেষণা, অধিকার সংরক্ষণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদারে কাজ করবে বাটজা।
নবনির্বাচিত সভাপতি আলীমুজ্জামান সাফওয়ান বলেন, বাংলাদেশের এভিয়েশন ও ট্যুরিজম খাত অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত। এই খাতের অগ্রগতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরতে বাটজা কাজ করবে। পাশাপাশি বিট সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও অধিকার রক্ষায় সংগঠন সর্বোচ্চ ভূমিকা রাখবে। টেকসই উন্নয়নে আমরা গঠনমূলক সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।
সাধারণ সম্পাদক ইমন চৌধুরী বলেন, বাটজাকে একটি কার্যকর, পেশাদার ও সক্রিয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। সদস্যদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা পরিচালনার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে শক্তিশালী করতে বাটজা নিরলস কাজ করে যাবে।
source: Asia Post







