News

জানুয়ারির আগে স্থানীয় সরকার নির্বাচন না করার পক্ষে বিএনপি

বর্তমান সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি বিবেচনায় আগামী বছরের জানুয়ারির আগে দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা বাস্তবসম্মত হবে না বলে মতামত দিয়েছেন বিএনপির নীতিনির্ধারকেরা।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের স্থায়ী কমিটির এক বৈঠকে এসব আলোচনা হয়। রাত ৮টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র জানায়, বৈঠকে সার্বিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন ও তার সময়সীমা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কোনো ব্যক্তির নাম প্রস্তাব বা চূড়ান্ত করা হয়নি। বৈঠকে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সংবিধানে নির্ধারিত ৯০ দিনের সময়সীমার আগেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা সম্ভব কি না, সে বিষয়ে মতামত তুলে ধরেন।

বৈঠক সংশ্লিষ্ট একাধিক সূত্র এশিয়া পোস্টকে জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ওপর ন্যস্ত করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাকে প্রাধান্য দিয়ে স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বৈঠকে আশ্বস্ত করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক আরও উন্নতি দৃশ্যমান হবে।

এ ছাড়া বৈঠকে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট স্বাভাবিক রাখতে সরকারের প্রয়োজনীয় নানা পদক্ষেপ নিয়েও মতামত আদান-প্রদান করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান ভার্চ্যুয়ালি অংশ নেন।

source: Asia Post

Back to top button