News

প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ ক্ষমতা কমিয়ে চেক অ্যান্ড ব্যালেন্স জরুরি: হাসনাত কাইয়ূম

সংবিধানে প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ ক্ষমতা কমিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য বা চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রের অধিকাংশ ক্ষমতা একটি পদের কাছে কেন্দ্রীভূত থাকে, যা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ।

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।

হাসনাত কাইয়ূম বলেন, বর্তমানে আমাদের রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কেবল একটি পদের কাছে কেন্দ্রীভূত থাকে, সেটি প্রধানমন্ত্রী হোক কিংবা রাষ্ট্রপতি। শাসন বিভাগের এই একচ্ছত্র ক্ষমতার লাগাম টেনে ধরা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য প্রয়োজন। তার মতে, রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা না গেলে জবাবদিহি প্রতিষ্ঠা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, সংবিধানের মৌলিক অধিকারগুলোকে নিরঙ্কুশ করতে হবে। জনগণের জীবনের অধিকার কিংবা মতপ্রকাশের অধিকারের ক্ষেত্রে কোনো ধরনের শর্তসাপেক্ষ সীমাবদ্ধতা থাকা উচিত নয়। মানুষের মৌলিক অধিকার যেন কোনো পরিস্থিতিতেই ক্ষুণ্ণ না হয়, সংবিধানে সেই নিশ্চয়তা থাকা প্রয়োজন।

হাসনাত কাইয়ূম বলেন, বিচার বিভাগ, আইন বিভাগ, মানবাধিকার কমিশন এবং নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে স্বাধীন করার ব্যবস্থা করতে হবে। এসব প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারলেই রাষ্ট্রে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য শাসন বিভাগের ওপর অন্যান্য স্বাধীন প্রতিষ্ঠানের কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। তার মতে, রাষ্ট্রের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক বিকাশের স্বার্থে এই সংস্কারগুলো এখন সময়ের দাবি।

source: Asia Post

Back to top button