লাওসে সাইবার স্ক্যাম-জুয়ায় জড়িত সন্দেহে ১৩ বাংলাদেশি আটক

লাওসে সাইবার স্ক্যাম ও অনলাইন জুয়া পরিচালনার সন্দেহে ১৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী ভিয়েনতিয়েনে পৃথক তিনটি অভিযানে মোট ৪১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনা বাংলাদেশের শ্রম অভিবাসন ব্যবস্থাপনা ও বিদেশে কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
লাওসের সংবাদমাধ্যম লাওশিয়ান টাইমসে গত ১০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের একটি বিশেষ টাস্কফোর্স রাজধানীর জাইথানি, সিসাত্তানাক ও সায়সেথা জেলায় ভাড়া বাড়িতে অভিযান চালায়। আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জন জাপানি, ১৩ জন বাংলাদেশি, ১১ জন থাই ও একজন লাওসের নাগরিক। তিনটি বাড়ি থেকে ৮৭টি মোবাইল ফোন, ৩২টি ডেস্কটপ কম্পিউটার ও চারটি ট্যাবলেট জব্দ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ৭ নভেম্বর রাতে সায়সেথা জেলার হং সউফাপ গ্রামে একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ১৩ বাংলাদেশিকে আটক করা হয়। সেখান থেকে ২১টি মোবাইল ফোন ও ১২টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়েছে। সন্দেহভাজন সাইবার অপরাধ পরিচালনায় আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তবে আটক বাংলাদেশিরা নিজেরাই অপরাধে জড়িত ছিলেন, নাকি প্রতারণার শিকার হয়ে সেখানে গিয়ে জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডে নিয়োজিত হয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তিনটি অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।
এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার ও সুরক্ষায় কাজ করা সংগঠন অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। সংগঠনটির মতে, এই আটকের ঘটনা শুধু ১৩ বাংলাদেশির বিষয় নয়; দেশের শ্রম অভিবাসন ব্যবস্থাপনা এবং বিদেশে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে।
সংগঠনটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৫ ও ২০২৬ সালের মানবপাচারবিষয়ক প্রতিবেদন (ট্রাফিকিং ইন পারসনস, টিআইপি) উভয়টিতেই লাওসকে ‘টায়ার ৩’ তালিকায় রাখা হয়েছে। মানবপাচার প্রতিরোধে ন্যূনতম আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ দেশগুলোর জন্য এ শ্রেণি নির্ধারিত। বিশেষ করে দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে অনলাইন স্ক্যাম, জোরপূর্বক শ্রম এবং বিদেশি নাগরিকদের প্রতারণার মাধ্যমে নিয়ে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে বাধ্য করার বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে।
অথচ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৩২ জন কর্মী লাওসে গেছেন। এমন একটি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের ঝুঁকি মূল্যায়ন করেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।
সংগঠনটির দাবি, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর একটি নির্দেশনা জারি করে বাংলাদেশি নাগরিকদের নতুন নিয়োগ, শ্রম আমদানি পরিকল্পনা এবং ওয়ার্ক পারমিট অনুমোদন সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানায়। এ সিদ্ধান্তের পরও বাংলাদেশ থেকে কর্মী পাঠানো, ভিসা অনুমোদন ও অভিবাসন ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে কী ধরনের যাচাই-বাছাই করা হয়েছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
লাওসের ওই সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের টিআইপি প্রতিবেদনে উঠে আসা ঝুঁকিগুলো বিএমইটি বিবেচনায় নিয়েছিল কি না, সেই প্রশ্নও তুলেছে সংগঠনটি। নতুন নিয়োগ, ভিসা এবং কর্মীদের প্রকৃত কর্মস্থল যাচাইয়ে কী ধরনের নির্দেশনা অনুসরণ করা হয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের মতে, বিদেশে সাইবার স্ক্যাম বা অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক সবাইকে অপরাধী হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না। আবার পর্যাপ্ত তথ্য ছাড়া সবাইকে মানবপাচারের শিকার বলাও সমীচীন নয়। প্রত্যেকের বিদেশে যাওয়ার প্রক্রিয়া, নিয়োগের প্রতিশ্রুতি, কাজের ধরন, বেতন, পাসপোর্ট ও চলাচলের স্বাধীনতা এবং প্রতারণা বা জবরদস্তির শিকার হওয়ার বিষয়গুলো আলাদাভাবে যাচাই করা প্রয়োজন।
সংগঠনটি আটক বাংলাদেশিদের সঙ্গে দ্রুত কূটনৈতিক যোগাযোগ স্থাপন, প্রত্যেকের পরিস্থিতি ও অভিযোগের ধরন যাচাই এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। কেউ মানবপাচারের শিকার হয়ে থাকলে তার সুরক্ষা ও নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থাও নেওয়ার দাবি জানিয়েছে তারা।
একই সঙ্গে ২০২৫ সাল থেকে লাওসে যাওয়া বাংলাদেশি কর্মীদের নিয়োগপ্রক্রিয়া, কর্মস্থল ও নিয়োগকারী প্রতিষ্ঠান পর্যালোচনার পরামর্শ দিয়েছে সংগঠনটি। তাদের মতে, লাওসসহ মানবপাচারের উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোতে কর্মী পাঠানোর ক্ষেত্রে ঝুঁকিভিত্তিক যাচাই-বাছাই আরও জোরদার করা জরুরি।
সংগঠনটির ভাষ্য, বিদেশে কর্মী পাঠানো শুধু জনশক্তি রপ্তানি বা রেমিট্যান্স অর্জনের বিষয় নয়; এর সঙ্গে কর্মীদের জীবন, নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নও জড়িত। তাই আটক ১৩ বাংলাদেশির বিষয়ে স্বচ্ছ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে তিন হাজারের বেশি বাংলাদেশিকে বহিষ্কার করে কম্বোডিয়া। অনলাইন প্রতারণাবিরোধী অভিযানের অংশ হিসেবে একই সময়ে ৮৭টি দেশের মোট ৫২ হাজার ৩৯ জন নাগরিককে আটক করে বহিষ্কার করেছে দেশটির অভিবাসন বিভাগ।
কম্বোডিয়া থেকে বহিষ্কৃত বাংলাদেশিদের মধ্যে কতজন অনলাইন প্রতারণায় জড়িত ছিলেন এবং কতজন মানবপাচারের শিকার হয়ে জোরপূর্বক এসব কাজে যুক্ত হয়েছিলেন, সে বিষয়ে আলাদা কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন তখনও বহিষ্কৃত বাংলাদেশিদের প্রকৃত অবস্থা নিরপেক্ষভাবে যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছিল।
সংগঠনটির মতে, যথাযথ যাচাই ছাড়া বহিষ্কৃত সবাইকে অভিযুক্ত বা অনলাইন প্রতারণায় জড়িত হিসেবে চিহ্নিত করা উচিত নয়। মানবপাচারের শিকার ব্যক্তিদের শনাক্ত করে ভুক্তভোগী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তাদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
source: Rajneete







