News

রোহিঙ্গা গণহত্যা নিয়ে রায় ‘সর্বসম্মত ছিল না’, ‘অন্যায্য’ দাবি মিয়ানমারের

রাখাইনে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির জান্তা সরকার। রায়টিকে ‘অন্যায্য’ আখ্যা দেওয়ার পাশাপাশি এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না বলেও দাবি করেছে তারা।

সংবাদমাধ্যম মিয়ানমার নাউয়ের খবরে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) দেশটির রাজধানী নাইপিদোয় এক সংবাদ সম্মেলনে জান্তা সরকারের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, রায়টি পর্যালোচনা ও ভালোভাবে বোঝার জন্য সরকারের সময় প্রয়োজন।

তিনি বলেন, “১৫ জন বিচারকের সবাই এই রায়ের সাথে একমত হননি। ৯ জন এই সিদ্ধান্তের পক্ষে সম্মতি দিয়েছেন, আর ৬ জন দ্বিমত পোষণ করেছেন। সুতরাং, এটি কোনো সর্বসম্মত সিদ্ধান্ত নয়। আমি বলব এটি অন্যায্য।”

রায়ের প্রতিক্রিয়ায় সোয়ে আন্তর্জাতিক বিচারব্যবস্থা নিয়ে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থান ও দৃষ্টিভঙ্গির প্রসঙ্গও তোলেন। এ ছাড়া রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলা করার বিষয়টির সমালোচনা করেন তিনি। সোয়ের দাবি, পশ্চিম আফ্রিকার দেশটির সঙ্গে মিয়ানমারের কোনো সম্পর্ক ছিল না।

এর আগে বৃহস্পতিবার আইসিজে ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো সামরিক অভিযানের ভয়াবহতা তুলে ধরে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ওই অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করে। নারীদের ওপর ‘ব্যাপক যৌন সহিংসতা’ চালানো হয় এবং শিশুদের ওপর ‘চরম বর্বরতা’ দেখানো হয়।

তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হওয়ার পর বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল।

আইসিজে অবশ্য মিয়ানমারের এই যুক্তি গ্রহণ করেনি। আদালত বলেছে, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী বেসামরিক নাগরিক ও কথিত রোহিঙ্গা যোদ্ধাদের মধ্যে পার্থক্য করেছিল, এমন কোনো প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করতে পারেনি মিয়ানমার।

আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হলো। আইসিজের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৭ সালের সামরিক অভিযানের ফলে লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

রায়ে আরও বলা হয়েছে, ওই সময় রোহিঙ্গাদের গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয় এবং সেখানে অরোহিঙ্গাদের পুনর্বাসন করা হয়। আদালতের মতে, এসব কর্মকাণ্ড থেকে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার অভিপ্রায়ের প্রমাণ পাওয়া যায়, যা গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আইসিজের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতাও নেই। তা সত্ত্বেও এই রায় মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে পারে।

রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। লন্ডনে দেশটির দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার করেছে ব্রিটিশ সরকার। পাশাপাশি মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এ ছাড়া রায় নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নিয়েছে দেশটি।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের আগে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের সময় সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন মিন অং হ্লাইং। সাবেক এই জেনারেল বর্তমানে মিয়ানমারের প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে সহিংস উপায়ে বিদ্রোহ দমন, নির্বিচারে বিদ্রোহীদের হত্যা এবং সাজানো নির্বাচনের আয়োজনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

source: Rajneete

Back to top button