News

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা গোবিপ্রবি

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। একই সভার সিদ্ধান্তের আলোকে জেলার সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের পেছনে রয়েছে কয়েক দিনের টানা আন্দোলন ও ক্যাম্পাসের উত্তেজনাকর পরিস্থিতি। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও স্লোগানের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে গিয়ে কর্মসূচি শেষ করেন। এ সময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। আওয়ামী লীগের বিভিন্ন নেতার নাম ধরেও স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে দেওয়া বক্তব্যে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার দাবি জানান। আগামী সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন না করা হলে নিজেরাই এসব কর্মসূচি বাস্তবায়নের হুঁশিয়ারি দেন তারা।

এর আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে মিছিলের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের অনেকে। তাদের অভিযোগ, ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও আনসার সদস্যদের বাইরে অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।

সব মিলিয়ে চলমান রাজনৈতিক উত্তেজনা, ক্যাম্পাসে মিছিল ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

source: Asia Post

Back to top button