News

ঝালকাঠির নলছিটির বাজারে আগুন, পুড়ল ৬ দোকান

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নাচনমহল বাজারের জহুরুল মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় বাপ্পির দোকান থেকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। দোকানগুলোতে বিক্রির জন্য মজুদকৃত বোতলজাত পেট্রল-অকটেন ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় বিকট শব্দে আগুনের লেলিহান বাড়তে থাকে। পরে নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল বাহিনীর কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে ভস্মীভূত হয় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মফিজুর রহমান এশিয়া পোস্টকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৬টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

source: Asia Post

Back to top button