News

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, নারীসহ আহত ৪

রাজধানীর তিন এলাকায় পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে এসব বিস্ফোরণের ঘটনায় এক নারীসহ চারজন আহত হয়েছেন। এর মধ্যে শ্যামপুরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুর থানার খিলগাঁও রেলগেট কাঁচাবাজারসংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করলে সেটি সড়কে বিস্ফোরিত হয়। এতে পাশের একটি চায়ের দোকানের নারী দোকানি নাসিমা বেগম (৪০) গুরুতর আহত হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, শ্যামপুর থানার ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে হাতেনাতে আটক করে পুলিশ। তাকে থানায় নেওয়া হয়েছে। তবে আটক ব্যক্তির পরিচয় এবং বিস্ফোরণের ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে আরও তিনজন আহত হন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

রাজধানীর তিন এলাকায় ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

source: Asia Post

Back to top button