গোপালগঞ্জ ও ফেনী জেলার এসপি পদে রদবদল

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করে এই বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিন সকাল থেকে গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে দলে দলে মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। এসময় তাদের হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায়।
পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয়। একপর্যায়ে চৌরঙ্গীসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও মিছিল নিয়ে একত্রিত হন নেতাকর্মীরা।
তবে শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে জানমালের কোনো ক্ষতি হয়নি।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
source: Asia Post






