বাহরাইনে মার্কিন বিমান প্রতিরক্ষাব্যবস্থার রাডারে হামলার দাবি ইরানের

বাহরাইনের একটি সামরিক ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে এ দাবি করেছে বাহিনীটি।
রোববার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি বলেছে, বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন দিয়ে বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুটি পৃথক সতর্কবার্তা প্রকাশ করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়। গত সেপ্টেম্বরের পর এই প্রথম এ ধরনের সতর্কবার্তা দিল উপসাগরীয় দেশটি।
এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অস্ত্রভান্ডারে এখনো সর্বোচ্চ ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের ধারাবাহিক হামলায় ইরানের অস্ত্র অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও দেশটির কাছে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা।
অন্যদিকে হরমুজ প্রণালি ও এর আশপাশে নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন লাগার দাবি করেছে আইআরজিসির নৌবাহিনী ও দেশটির সশস্ত্র বাহিনীর নৌবাহিনী। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। এ সময় নিষিদ্ধ সামুদ্রিক এলাকায় প্রবেশ না করতে জাহাজগুলোকে সতর্ক করে ইরানি বাহিনী।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) বরাতে জানা গেছে, অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায় বলে এক বিবৃতিতে জানিয়েছে আইআরজিসি নৌবাহিনী।
বিবৃতিতে বলা হয়, ট্যাংকার দুটি গোপনে কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় জাহাজ দুটির নেভিগেশন ও স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ ছিল।
আইআরআইবির প্রতিবেদনে আইআরজিসির নৌবাহিনীর বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘এক ঘণ্টা আগে দুটি তেলবাহী ট্যাংকার অনুমতিহীন হরমুজ প্রণালি দিয়ে গোপনে চলাচলের চেষ্টা করছিল। এ সময় তাদের নেভিগেশন ও স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ ছিল। নৌমাইনে আঘাত লাগার পর জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।’
ইরানের নৌবাহিনী আরও দাবি করেছে, প্রণালিটি অতিক্রমের চেষ্টা করা অন্য দুটি ট্যাংকার আইআরজিসির নৌ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের সতর্কবার্তা পেয়ে ফিরে গেছে।
বিবৃতিতে বলা হয়, ‘এই দুটি ট্যাংকারে বিস্ফোরণের পর হরমুজ প্রণালি দিয়ে গোপনে চলাচলের চেষ্টা করা আরও দুটি ট্যাংকার আইআরজিসির নৌ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের সতর্কবার্তা মেনে পারস্য উপসাগরের জলসীমায় ফিরে যায়।’
এর আগে পৃথক এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির পূর্ব দিকে আরেকটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যাওয়ার পর চলাচল বন্ধ করে দেয়।
বাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, আগেই সতর্ক করা সত্ত্বেও ট্যাংকারটি তাদের বর্ণনা অনুযায়ী অনিরাপদ ও নিষিদ্ধ এলাকায় চলাচল করছিল। এ সময় জাহাজটির অবস্থান শনাক্তকরণ ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থাও বন্ধ ছিল।
বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে হরমুজ প্রণালির পূর্ব দিকে অনিরাপদ ও নিষিদ্ধ এলাকায় চলাচল করা একটি তেলবাহী ট্যাংকার আগের সতর্কবার্তা উপেক্ষা করে এবং নিজস্ব অবস্থান ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখে। নৌমাইনে আঘাত লাগার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটির চলাচল বন্ধ হয়ে যায়।’
অন্য জাহাজগুলোকেও সতর্ক করে ইরানের সশস্ত্র বাহিনীর নৌবাহিনী বলেছে, নিষিদ্ধ সামুদ্রিক এলাকায় প্রবেশ করা জাহাজগুলোও একই পরিণতির মুখে পড়বে। বিবৃতিতে বলা হয়, ‘নিঃসন্দেহে হরমুজ প্রণালির পূর্ব দিকে নিষিদ্ধ এলাকায় চলাচল করা যেকোনো ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুনে পুড়বে।’
ট্যাংকার মালিকদেরও সমালোচনা করেছে বাহিনীটি। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসে ভরসা করে মালিকেরা জাহাজগুলোকে নিষিদ্ধ এলাকায় পাঠাচ্ছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘অন্য নিষিদ্ধ জাহাজগুলোর পরিণতি থেকে শিক্ষা না নিয়ে ট্যাংকার মালিকেরা অপরাধী মার্কিন প্রেসিডেন্টের অর্থহীন কথায় বিশ্বাস করে নিজেদের সম্পদ মাইনযুদ্ধের ঝুঁকিতে ফেলছেন এবং আগুনের মুখে ঠেলে দিচ্ছেন।’
source: Rajneete







