News

নেতানিয়াহুর ‘বর্ণবাদী ও সহিংস’ নির্বাচনি প্রচারণার তীব্র নিন্দা আইজেনকোটের

ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনি প্রচারণার কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী হতে চলা গাদি আইজেনকোট। তার অভিযোগ, নির্বাচনের সময় ইসরায়েলি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণা চালিয়েছেন নেতানিয়াহু।

আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকোট শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন।

এক্সে দেওয়া ওই পোস্টে আইজেনকোট বলেন, “ইসরায়েলের আরব নাগরিক, যারা দেশের মোট জনসংখ্যার ২১ শতাংশের বেশি। অথচ নির্বাচনি প্রচার শুরুর প্রথম থেকেই তারা বর্ণবাদী ও সহিংস প্রচারণার শিকার হচ্ছেন। রাজনৈতিক স্বার্থে বিদায়ী প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠরা তাদের বৈধতা অস্বীকার করার মতো উসকানি দিচ্ছেন।”

তিনি আরও লিখেছেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন দেশের সব নাগরিকের প্রধানমন্ত্রী, এমনকি যারা তাকে ভোট দেয়নি তাদেরও। ইসরায়েলের আরব নাগরিকরা ইসরায়েলি ইতিহাসের অংশ। তাদের কোণঠাসা করে রাখা ও একটি গোষ্ঠী হিসেবে বদনাম করার চেষ্টা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড।”

গত ২৭ অক্টোবর ইসরায়েলে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন চারদলীয় জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আর ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।

১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। তবে নির্বাচনে কোনো পক্ষই সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নির্বাচনের সময় নেতানিয়াহু আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে একাধিকবার কারসাজির অভিযোগ তুলেছিলেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তিনি দেননি। ইসরায়েলের নির্বাচন কর্তৃপক্ষও অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের নেতৃত্বে রক্তক্ষয়ী হামলার পর সংগঠনটিকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে বর্ণনা করতে অস্বীকৃতি জানানোর অভিযোগে নেতানিয়াহু আরব নেতৃত্বাধীন দলগুলোর সমালোচনা করে আসছেন। তবে ইসরায়েলের রাজনৈতিক দলগুলোর সব নেতাই ওই হামলার নিন্দা জানিয়েছিলেন।

আরব দলগুলোর সঙ্গে মতপার্থক্য থাকলেও তাদের পুরো জনগোষ্ঠীকে আক্রমণের লক্ষ্যবস্তু করা উচিত নয় বলে মন্তব্য করেন আইজেনকোট। তিনি বলেন, “আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে কেউ দ্বিমত পোষণ করতে পারেন। এমনকি তাদের কারও কারও প্রতি গভীর বিদ্বেষী মনোভাবও থাকতে পারে। কিন্তু একটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে অপবাদ দেওয়া যায় না, দেওয়া উচিত নয় এবং আমি তা হতে দেবো না।”

এদিকে আরব নেতৃত্বাধীন দলগুলো নেতানিয়াহুর পরিবর্তে আইজেনকোটকে প্রধানমন্ত্রী করার পক্ষে সমর্থন জানিয়েছে। এতে আইজেনকোটের জোটের আসনসংখ্যা ৬৭-তে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হলেও এসব দলকে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন তিনি।

অন্যদিকে অতি-কট্টর ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টির সমর্থন পেলে আইজেনকোটের জোটের আসনসংখ্যা ৬১-তে পৌঁছাবে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় এই সংখ্যাকেই ইসরায়েলের রাজনীতিতে ‘ম্যাজিক নম্বর’ বলা হয়।

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া আইজেনকোটের হাতে নতুন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় রয়েছে। দ্রুত সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, যত দ্রুত সম্ভব নতুন সরকার গঠনের দায়িত্ব পালন করতে চান তিনি। এ কাজ না করা ‘গুরুতর ভুল’ হবে বলেও মন্তব্য করেন তিনি।

source: Rajneete

Back to top button