News

বিচার বিভাগ থেকে ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর দেশটির বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন দক্ষিণ ফ্লোরিডার মার্কিন অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনস, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছিলেন।

শনিবার (৭ নভেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পদত্যাগ করা অন্য দুই কর্মকর্তা হলেন বিচার বিভাগের ন্যাশনাল সিকিউরিটি ডিভিশনের প্রধান জন আইজেনবার্গ এবং সিভিল রাইটস ডিভিশনের প্রধান হারমিত ধিলন। আইজেনবার্গ শুক্রবার এবং ধিলন বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপের মুখে পদ ছাড়েন কুইনোনস। ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করলেও প্রত্যাশিত বড় কোনো মামলা করতে না পারায় তাঁর ওপর অসন্তুষ্ট ছিলেন বিভাগের শীর্ষ কর্মকর্তারা।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর কংগ্রেসে ডেমোক্র্যাটদের তদারকি ক্ষমতা বাড়তে পারে। এমন পরিস্থিতিতে আইনি ও রাজনৈতিক ঝুঁকি নিয়ে বিচার বিভাগের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ কুইনোনসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তার নেতৃত্বের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

নতুন কর্মকর্তা নিয়োগ ও তাঁদের অনুমোদনের ক্ষেত্রে সিনেটের রাজনৈতিক পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলেও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

source: Rajneete

Back to top button