সাংবাদিক নিধিকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী

সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করেছেন ভারতশাসিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেন তিনি।
ইনস্টাগ্রামে নিধি রাজদানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ওমর আবদুল্লাহ লিখেছেন, “গতকাল একটি নতুন যাত্রা শুরু হল।” পোস্টে নিধি রাজদানকেও ট্যাগ করেন তিনি।
একইভাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিয়ের খবর জানান নিধি রাজদানও। ওমর আবদুল্লাহকে ট্যাগ করে তিনি লেখেন, “হয়ে গেছে।”
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, বিয়ের এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরুর খবর অনুসারীদের জানান তারা।
নিধি রাজদান একজন প্রখ্যাত ভারতীয় সাংবাদিক, টেলিভিশন উপস্থাপক এবং লেখক। তিনি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির সাবেক নির্বাহী সম্পাদক এবং জনপ্রিয় টকশো ‘লেফট, রাইট অ্যান্ড সেন্টারে’র মূল উপস্থাপক হিসেবে দীর্ঘ ২২ বছর কাজ করেছেন।
২০০৫ সালে তিনি প্রখ্যাত ভারতীয় সাংবাদিক, গল্পকার ও লেখক নীলেশ মিশ্রকে বিয়ে করেছিলেন। বিয়ের দুই বছর পর, ২০০৭ সালে পারস্পরিক সমঝোতার মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
এদিকে প্রায় তিন মাস আগে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে তার স্ত্রী পায়েল আবদুল্লাহর সঙ্গে বিবাহবিচ্ছেদের অনুমতি দেন ভারতের সুপ্রিম কোর্ট।
গত ৩১ জুলাই আদালত জানান, দুই পক্ষ পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ এবং নিজেদের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তিতে রাজি হয়েছেন। এ ছাড়া পরস্পরের বিরুদ্ধে করা মামলাগুলোও প্রত্যাহার করতে সম্মত হন তারা।
এর আগে দিল্লি হাইকোর্ট ওমর আবদুল্লাহর বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দিয়েছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। পরে শুনানিতে ভারতের সংবিধানের ১৪২ অনুচ্ছেদের আওতায় পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ওমর ও পায়েল।
আদালতে ওমর আবদুল্লাহ ও পায়েল আবদুল্লাহর পক্ষে থাকা জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবাল জানান, দুই পক্ষ নিজেদের বিরোধ মিটিয়ে ফেলতে সম্মত হয়েছেন।
১৯৯৪ সালে দিল্লির ওবেরয় হোটেলে কাজ করার সময় ওমর আবদুল্লাহ ও পায়েল আবদুল্লাহর পরিচয় হয়। পরে তারা বিয়ে করেন। এ দম্পতির দুই ছেলে রয়েছে। তাদের নাম জাহির ও জামির।
২০০৯ সাল থেকে আলাদা থাকছিলেন ওমর ও পায়েল। ২০১১ সালে তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন ওমর আবদুল্লাহ। এর আগে সুপ্রিম কোর্টও এক পর্যবেক্ষণে বলেছিলেন, তারা বেশ কয়েক বছর ধরে আলাদা বসবাস করছেন।
source: Rajneete






