News

১১টির মধ্যে পাসের হারে এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৬১ দশমিক ০৭ শতাংশ পাসের হার নিয়ে অনন্য সাফল্য দেখিয়ে শীর্ষে অবস্থান করছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একযোগে এই ফলাফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। সারা দেশে মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬১ দশমিক ০৭ শতাংশ পাসের হার নিয়ে এগিয়ে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন। এছাড়া কারগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার গত বছর ছিল ৭৫ দশমিক ৬১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ২৬৮ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার গত বছর ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬১০ জন। অর্থাৎ, দুই বোর্ডেই পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

বোর্ডভিত্তিক ফলাফল বিশ্লেষণ

এদিকে ৯টি শিক্ষা বোর্ডের ফলাফলে বরাবরের মতোই বৈচিত্র্য দেখা গেছে। এর মধ্যে ৬১ দশমিক ৮০ শতাংশ পাসের হার নিয়ে সাধারণ বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অন্যদিকে, সর্বনিম্ন অবস্থানে রয়েছে বরিশাল বোর্ড, যার পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

অন্যান্য শিক্ষা বোর্ডগুলোর মধ্যে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮, রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ এবং যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ।

চলতি বছর গত ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে পরীক্ষা চলাকালীন উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডের শিক্ষার্থীরাও এ বছরের পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে সামগ্রিক পাসের হারে সেরা সাফল্য অর্জন করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

source: Asia Post

Back to top button