News

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী জাভেদের ভাইয়ের ফ্ল্যাট জব্দের আদেশ

লন্ডনের রিজেন্টস পার্কের কাছে দেড় লাখ পাউন্ডের একটি ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাজ্যের হাইকোর্ট। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই আনিসুজ্জামান রনি চৌধুরীর মালিকানাধীন ফ্ল্যাটটি ঘিরে এই আদেশ দেওয়া হয়েছে। সম্পত্তিটির অর্থের উৎস নিয়ে সন্দেহ এবং মালিকানা আড়াল করার অভিযোগের তদন্তের অংশ হিসেবে ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) আদালতে ফ্ল্যাটটি জব্দের আবেদন করেছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্ল্যাটটি অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জালিয়াতি ও অর্থ পাচারের মতো সন্দেহভাজন কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। আনিসুজ্জামান রনি চৌধুরী একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্ল্যাটটি কিনলেও এর অর্থের উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে জানিয়েছে এনসিএ।

যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী আইনে কোনো সম্পদের অর্থের উৎস ব্যাখ্যা করা না গেলে সেটি বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত হয়েছে বলে ধরে নেওয়ার সুযোগ রয়েছে। এই আইনের আওতায় ফ্ল্যাটটি জব্দের নির্দেশ চেয়েছিল সংস্থাটি।

আদালতে জমা দেওয়া সাক্ষ্য বিবৃতিতে এনসিএর এক তদন্ত কর্মকর্তা বলেন, ফ্ল্যাটটির মালিকানা কাঠামো ‘ইচ্ছাকৃতভাবে’ অস্পষ্ট রাখা হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে মাত্র এক পাউন্ডের বিনিময়ে ফ্ল্যাটের মালিক কোম্পানির শেয়ার অন্য একটি পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এনসিএর দাবি, এই শেয়ার হস্তান্তরের মাধ্যমে ফ্ল্যাটটির ওপর আনিসুজ্জামান রনি চৌধুরীর মালিকানা আড়াল করার চেষ্টা করা হয়েছিল। পরে কোম্পানিটির মালিকানা তাঁর স্ত্রী ও দুই মেয়ের কাছে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল বলে অভিযোগ করেছে সংস্থাটি।

বিচারপতি কারেন স্টেইন রায়ে বলেন, ফ্ল্যাটটি অপরাধলব্ধ অর্থে কেনা হয়েছে বলে মনে করার যুক্তিসংগত কারণ রয়েছে। এর ভিত্তিতে তিনি সম্পত্তিটি জব্দের আদেশ দেন। তবে ফ্ল্যাটটির দখল পুনরুদ্ধারের জন্য আনিসুজ্জামান রনি চৌধুরীকে আইনি প্রক্রিয়া চালানোর সুযোগও রেখেছেন আদালত। তাঁর আইনজীবীরা নিষেধাজ্ঞার আদেশের বিরোধিতা করেননি।

অন্যদিকে, আনিসুজ্জামান রনি চৌধুরী কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। ফ্ল্যাটের মালিকানা গোপন করার অভিযোগও নাকচ করেছেন তিনি। ভবিষ্যতে সম্পদ পুনরুদ্ধারসংক্রান্ত কোনো মামলা হলে এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়া হলে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

source: Rajneete

Back to top button