News

হাসপাতালের আটতলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৮ তলা থেকে নিচে পড়ে সামিয়া নূর (১৫) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সামিয়া গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর গ্রামের নূর নবীর কন্যা।

সামিয়ার মামা মাসুদ আলম জানান, জরায়ুর টিউমারজনিত কারণে তার বোন পারুল আক্তার পাঁচ দিন আগে হাসপাতালে ভর্তি হন। শনিবার বিকেলে পারুল ও তার পালক মেয়ে সামিয়া হাসপাতালের ৮ তলার একটি ওয়ার্ডে কথা বলছিল। কথা বলার একপর্যায়ে ওয়ার্ডের জানালার ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সামিয়া।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই নিচে গিয়ে সামিয়াকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুদ আলম জানান, সামিয়ার বয়স যখন দুই থেকে তিন বছর, তখন তাকে দত্তক নেন নূর নবী ও পারুল আক্তার দম্পতি। সামিয়া তাদেরকেই নিজের জন্মদাতা বাবা-মা মনে করত।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সামিয়ার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।

source: Asia Post

Back to top button