News

হুতি হামলার মুখে সৌদির পাশে ফ্রান্স, রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক সফর

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ঘন ঘন হামলার মুখে থাকা সৌদি আরবের প্রতি সমর্থন জানাতে এবং নিজ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় আকস্মিকভাবে রিয়াদ সফর করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সম্প্রতি সৌদি আরবে হুতিদের হামলা তীব্র হওয়ার পর এটিই কোনো পশ্চিমা দেশের শীর্ষনেতার প্রথম রিয়াদ সফর।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রিয়াদে তিন ঘণ্টারও কম সময়ের এক ঝটিকা সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসেন ফরাসি প্রেসিডেন্ট।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস জানিয়েছে, হুতিদের নজিরবিহীন হামলার মুখে সৌদি আরবের প্রতি ফ্রান্সের স্পষ্ট সংহতি প্রকাশ করাই ছিল এই সফরের অন্যতম লক্ষ্য। পাশাপাশি বৈঠকে নিজ দেশে জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত ক্ষোভ সামাল দিতে সৌদি আরব থেকে অতিরিক্ত ডিজেল আমদানির বিষয়ে সমঝোতায় পৌঁছান ম্যাক্রোঁ। চুক্তি অনুযায়ী, ফরাসিদের চাহিদা মেটাতে যতদিন প্রয়োজন, ততদিন অতিরিক্ত ডিজেল সরবরাহ করবে রিয়াদ। এছাড়া হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে তেল পরিবহনের অবকাঠামো নির্মাণ এবং প্রতিরক্ষা সহায়তা বাড়াতেও দুই দেশ সম্মত হয়েছে।

সম্প্রতি হুতিদের হামলায় সৌদির প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করতে হয় এবং একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন পিছিয়ে যায়। এমনকি লোহিত সাগরে সামুদ্রিক অবরোধের কারণে দেশটির তেল রপ্তানিও ঝুঁকিতে পড়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় ‘য়ানবু’ তেল টার্মিনাল রক্ষায় ইতোমধ্যে ফরাসি সেনা পাঠনোর কথা নিশ্চিত করেছেন ম্যাক্রোঁ। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে সেখানে ফরাসি সামরিক দল যৌথভাবে প্রতিরক্ষামূলক দায়িত্ব পালন করছে।

এদিকে, দেশে সহিংস বিক্ষোভের মধ্যে এই উপসাগরীয় সফর নিয়ে সমালোচনা উঠলেও বিষয়টিকে নিজের দায়িত্ব হিসেবেই দেখছেন ম্যাক্রোঁ। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিচলিত হওয়ার কোনো সুযোগ নেই। আমি আমার দায়িত্ব পালন করছি।”

source: Rajneete

Back to top button