ট্রাম্পের পূর্ণ সমর্থন নিয়ে ভোটের লড়াইয়ে ‘যুদ্ধবাজ’ নেতানিয়াহু

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনের ঠিক আগমুহূর্তে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে ‘শক্তিশালী, সাহসী ও মেধাবী’ নেতা হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্পের এই খোলাখুলি সমর্থন নির্বাচনীয় সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। তবে বিশ্লেষকদের মতে, দেশে ‘যুদ্ধবাজ’ হিসেবে বিতর্কিত নেতানিয়াহুর মসনদ টিকে থাকা কিংবা উল্টে যাওয়া অনেকটাই নির্ভর করছে দেশটির ২১ শতাংশ সংখ্যালঘু আরব ভোটারের সিদ্ধান্তের ওপর।
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ও চরম অস্থিরতার মধ্যে আয়োজিত এই নির্বাচনকে মূলত নেতানিয়াহুর দীর্ঘ নেতৃত্বের ওপর এক ধরণের গণভোট হিসেবে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র নেতানিয়াহু ইসরায়েলিদের হতাশ করবেন না। এই সমর্থনের পর এক ভিডিওবার্তায় নেতানিয়াহু উল্লাস প্রকাশ করে সিদ্ধান্তহীন ভোটারদের উদ্দেশে বলেন, “ইরান মিশন এখনও শেষ হয়নি; হুমকি মোকাবিলায় আমার সরকারে থাকা জরুরি।”
অন্যদিকে, বিরোধী রাজনৈতিক জোটগুলোর নজর ২১ শতাংশ ফিলিস্তিনি বংশোদ্ভূত আরব ভোটারদের দিকে। নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে এই জনগোষ্ঠীর ভোটকে প্রধান হাতিয়ার মনে করছেন বিরোধীরা। সাম্প্রতিক জনমত জরিপে নেসেটের ১২০টি আসনের মধ্যে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী ব্লক ৫২টি আসন পেতে পারে, যেখানে নেতানিয়াহুর ডানপন্থি ধর্মীয় জোটের ঝুলিতে যেতে পারে ৫০টি আসন। ফলে সরকার গঠনে চরম হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।
source: Rajneete







