News

‘আগে যখন ২০ মিনিটের মধ্যে লাগেজ পাওয়ার কথা বলেছি, তখন অনেকে ট্রল করেছে’

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘আগে যখন ১৫-২০ মিনিটের মধ্যে লাগেজ পাওয়ার কথা বলেছি, তখন অনেকে ট্রল করেছে। এখন ১০ মিনিটে, ১৫ মিনিটের মধ্যে লাগেজ পাওয়া যাচ্ছে।’

সোমবার (১৯ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ বেল্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান।’ প্ল্যানগুলো বাস্তবায়ন তো এক দিনে হবে না। এগুলো আস্তে আস্তে সব জায়গায় আমরা (যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে) এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি, সাকসেসফুল করার চেষ্টা করছি।”

তিনি বলেন, ‘আগে বলেছিলাম, অনেকেই ১৫-২০ মিনিটের মধ্যে লাগেজ পেয়েছেন। তখন আমাকে নিয়ে ইনেকে ট্রলও করেছেন। বলেছেন, ওনি বললেই হলো। তখন আমরা যাত্রীদের জিজ্ঞাসা করে করেছিলাম।’

আরো পড়ুন

বিমানমন্ত্রী বলেন, ‘প্রায় দেড় দুই মাস আগে পরিকল্পনা করেছিলাম। আমরা চেষ্টা করেছিলাম। এজন্য পেরেছি। গত তিন-চার মাসের মধ্যে লাগেজ কাটার ঘটনা নেই। তবে প্রতিনিয়ত লাগেজ কাটা, লাগেজ ছেরার আগের কিছু ভিডিও দেখানো হয়। আর লাগাজ কাটার ঘটনার কারণে বিমান থেকে বিমানবন্দরে যাত্রীর কাছে পৌঁছানোর পুরো প্রক্রিয়া সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরে দেখানো হয়।’

মিল্লাত বলেন, ‘লাগেজ কাটা, হয়রানির কথা বিবেচনা করে মনিটরগুলো লাগানো হয়েছে। এখন ইনশাআল্লাহ ভালো। যাত্রীদের কথা বার্তাও শুনলাম। আশা করি, এটা যদি ধরে রাখতে পারি তাহলে স্বচ্ছতা থাকবে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিশ্চয় খুশি হবেন। নিশ্চয় আপনারা মানুষের ভালো চান। আমাদেরও সাহায্য করতে চান। জনগণকে সাহায্য করতে চান।’

ভালো লাগার বিষয় উল্লেখ করে বিমানমন্ত্রী বলেন, ‘আমরা চাই, বাংলাদেশ বিমান এবং এয়ারপোর্টের ব্যাপারে যে বদনাম ছিল, সেটা যেন গোছাতে পারি। বদলাম ছিল, স্বীকার করি। তার থেকে উত্তরণ ঘটিয়ে আজকে আমার খুব ভালো লাগল।’

তিনি আরও বলেন, ‘আজকেও অনেক যাত্রী বলেছে, তারা লাগেজ দশ মিনিটে পেয়েছেন, পনেরো মিনিটে পেয়েছেন। প্লেন থেকে আসতে আসতে হয়তো দশ মিনিট লাগছে। আবার যাত্রীরও তো আসতে আসতে দশ মিনিট লাগছে। অনেকেই সাত মিনিটেই পেয়েছে। অরিজিনালি ৭ মিনিট নয়, ১৭ মিনিট।’

source: Asia Post

Back to top button