মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে গিয়ে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান।
শনিবার (১০ অক্টোবর) পুলিশের অভিযানে তার সঙ্গে কয়েক শ বিক্ষোভকারীও আটক হন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ককরোচ জনতা পার্টি (সিজেপি) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয়। সেই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে সমাবেশের আয়োজন করা হয়। তবে অনুমতি না থাকায় সেখানে বিক্ষোভকারীদের জমায়েতে বাধা দেয় পুলিশ।
শনিবার বিক্ষোভস্থলের আশপাশ থেকে ইমরান খানসহ বেশ কয়েকজনকে আটক করা হয়। এ সময় সমাবেশে অংশ নিতে আসা ব্যক্তিদের সরিয়ে দিতে অভিযান চালায় পুলিশ। আটক ব্যক্তিদের মুম্বাইয়ের বিভিন্ন স্থানে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
এ কর্মসূচিতে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীরও অংশ নেওয়ার কথা ছিল। তবে সমাবেশস্থলে যাওয়ার পথে তাঁকেও আটক করে পুলিশ। ‘হাম ভারত কে লোগ’ নামের একটি সংগঠন কর্মসূচিটির আয়োজন করে।
পুলিশের ভাষ্য, আগস্ট ক্রান্তি ময়দানে সমাবেশ আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম ব্যবস্থা হিসেবে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।
এদিকে দিল্লিতে সিজেপির কর্মসূচি ঘিরেও নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে দলটি।
ইমরান খান বলিউডের পরিচিত অভিনেতা। মুম্বাইয়ে বিক্ষোভ ঘিরে তার আটকের ঘটনা রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
source: Rajneete







