সৌরবিদ্যুৎ খাতে নতুন উদ্যোগ ওয়ালটনের, উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তির প্রসারে নতুন উদ্যোগ নিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এর অংশ হিসেবে ‘ওয়ালটন সোলার ইকো-সিস্টেম’ চালু করেছে প্রতিষ্ঠানটি।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ইকো-সিস্টেমের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম সামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম ও প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের বিদ্যুৎ খাতে সৌরশক্তির ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে। বর্তমানে তেল ও গ্যাসসহ বিভিন্ন জ্বালানি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এ ব্যয়ের চাপ আরও বাড়ছে।’
তিনি বলেন, ‘জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া এবং পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন নিশ্চিত করার ক্ষেত্রে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে ওয়ালটনের উদ্যোগ সম্পর্কে দেশের মানুষকে জানানো প্রয়োজন।’
আগামী ১-২ বছরের মধ্যে সৌরবিদ্যুতের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে দেশের বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা মিলবে, সরবরাহ ব্যয় কমতে পারে এবং জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমিয়ে আনার সুযোগ তৈরি হবে বলে জানান অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে সোলার ইকো-সিস্টেমের আওতায় ওয়ালটনের উৎপাদিত বিভিন্ন পণ্যের উদ্ভাবনী প্রযুক্তি ও বৈশিষ্ট্য তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ইনভার্টার, সোলার পাওয়ার প্যানেল, স্টোরেজ ব্যাটারি ও সোলার ক্যাবল। পাশাপাশি সোলার পাওয়ারভিত্তিক হাইব্রিড এসি, ফোর-ডোর ইনভার্টার রেফ্রিজারেটর, মেশিন, বিএলডিসি সিলিং ফ্যান, স্ট্রিট লাইট, এলইডি বাল্ব ও ইলেকট্রিক চুলাসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করে প্রতিষ্ঠানটি।
source: Asia Post







